জেলা প্রতিনিধি
০৪ মে ২০২৬, ০২:৪০ পিএম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী মো. মনির হোসেনকে (২৪) গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মনির হোসেনকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে তেঁতুলিয়ার রণচণ্ডী গ্রামের কৃষক মো. জালাল উদ্দীনের ছোট মেয়ে আরজিনার সঙ্গে শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের মো. শাহাজালালের ছেলে মনির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত ৩ মে সন্ধ্যা ৭টার সময় নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে মনির হোসেন তার স্ত্রী আরজিনাকে হত্যার উদ্দেশে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করেন। আরজিনা গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত চলছে।
প্রতিনিধি/এসএস