জেলা প্রতিনিধি
০৩ মে ২০২৬, ০৫:৪০ পিএম
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এক হতদরিদ্র শারীরিক প্রতিবন্ধী যুবকের পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রতিবন্ধী যুবকসহ তার মা ও স্ত্রী আহত হয়েছেন।
শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার (৩ এপ্রিল) সরেজমিনে গিয়ে জানা যায়, একই গ্রামের আব্দুল কুদ্দুস ব্যাপারীর ছেলে শারীরিক প্রতিবন্ধী ফজলু ব্যাপারী (৪০) কিছুদিন আগে তার দাদির কাছ থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় একটি বসতঘর নির্মাণ করেন। কিন্তু তার চাচাতো ভাই জাফর, চাচা লোকমান ব্যাপারী ও চাচি খাদিজা বেগমসহ প্রায় ২৫ থেকে ৩০ জন লোক ওই জমি নিজেদের দাবি করে ফজলুর পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালায়।
অভিযোগ রয়েছে, শনিবার বিকেলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে এসে বসতঘর ভাঙচুর ও উচ্ছেদের চেষ্টা চালায়। এ সময় ফজলু ব্যাপারী ও তার মা ফজিলা বেগম (৫৫) বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। পরে ফজলুর স্ত্রী মনিরা বেগম (৩০) স্বামী ও শাশুড়িকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে ফজলু, তার মা ও স্ত্রী আহত হন।

তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে যান।
ভুক্তভোগী ফজলু ব্যাপারী জানান, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতা ও লিভারজনিত রোগে ভুগছেন। তার বাম পা প্রায় অকেজো। দীর্ঘদিন মানুষের বাড়িতে থেকে কোনো রকমে জীবনযাপন করেছেন। নিজের একটা ঘর করার সামর্থ্য না থাকায় পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছিল।
তিনি বলেন, আমি একজন অসহায় প্রতিবন্ধী ও লিভার রোগে আক্রান্ত মানুষ। মা, বাবা, স্ত্রী ও সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন চলে। একটি সংস্থা আমাদের একটি ঘর করে দিতে চাইলে আমার ওয়ারিশ সূত্রে পাওয়া ও ভোগদখলীয় জমিতে ঘর তুলি। কিন্তু আমার চাচা লোকমান ব্যাপারী, চাচি খাদিজা বেগম, চাচাতো ভাই জাফর ব্যাপারী আমাদেরকে বসতঘর থেকে উচ্ছেদ করার জন্য অপরিচিত লোকজন নিয়ে লাঠিসোঁটা হাতে হামলা চালায়। এতে আমি, আমার মা ও স্ত্রী আহত হই।

ঘটনার পর শনিবার রাতেই ফজলু ব্যাপারী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে জিয়ানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় বাসিন্দা মো. মোশাররফ ব্যাপারী বলেন, ফজলু একজন অসহায় প্রতিবন্ধী মানুষ। তারা নিজেদের জমিতেই ঘর তুলেছে। কিন্তু তার চাচা-চাচি ও চাচাতো ভাই অনেক লোকজন নিয়ে এসে তাদের মারধর করেছে। আমরা এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধান দাবি করেছেন।
এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি অসহায় প্রতিবন্ধী পরিবারকে উচ্ছেদের চেষ্টা অত্যন্ত অমানবিক। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভুক্তভোগী পরিবারের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
জিয়ানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস