জেলা প্রতিনিধি
০৩ মে ২০২৬, ০৫:১১ পিএম
পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩ মে) দুপুরে উপজেলার উত্তর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন, পিরোজপুর জেলা কার্যালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবাশীষ রায়।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ‘মেডিসিন হাউস’কে ৩ হাজার টাকা, একই অপরাধে ‘জারা ট্রেডার্স’কে ৪ হাজার টাকা এবং খোলা তেলে তেলাপোকাসহ বিভিন্ন ময়লা পাওয়ায় ‘অসীম স্টোর’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুল আমিন বখতিয়ার এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি দল।
অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব জরিমানা করা হয়েছে।
প্রতিনিধি/এসএস