images

সারাদেশ

জিয়াউর রহমানের খাল পুনঃখনন করতে পেরে গর্বিত: এমপি আবু আশফাক

উপজেলা প্রতিনিধি

০৩ মে ২০২৬, ০৪:৫৭ পিএম

ঢাকা- ১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক বলেছেন, আমরা দোহারবাসী গর্বিত যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পায়ের স্মৃতি এই খালের মধ্যে পড়েছিল, তিনি ১৯৭৯ সালের এই খালের উদ্‌বোধন করেছিলেন। দীর্ঘদিন পরে হলেও আমরা এই খাল পুনঃখননের জন্য কাজের উদ্‌বোধন করতে পেরেছি। জনজীবনের জন্য এই খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খালের মধ্যে কিছু কিছু স্থাপনা তৈরি হয়েছে। গত ১৭ বছরের যত খাল ছিল সব ভরাট হয়ে গেছে। জলাবদ্ধতা কমানোর জন্য আমাদের খাল খননের বিকল্প নেই।

রোববার (৩ মে) বেলা সাড়ে ১২টায় উপজেলার খালপাড় বালুঘাটা এলাকায় পালামগঞ্জ থেকে খালপাড় বালুঘাট পর্যন্ত ৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্‌বোধনকালে তিনি এসব কথা বলেন।

আবু আশফাক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান মাত্র আড়াই মাসে সরকার প্রধান হয়ে তিনি জিয়াউর রহমানের খাল পুনঃখননের উদ্যোগ হাতে নিয়েছেন, যা যুগান্তকারী। তিনি নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ধীরে ধীরে বাস্তবায়ন হবে। কৃষকের জন্য কৃষক কার্ড, যুবকদের জন্য যুব কার্ড দেবেন ও পরিবার প্রধানদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ ইতোমধ্যেই শুরু করেছেন। বুঝে হোক, না বুঝে হোক- আমরা খাল ভরাট করে ফেলেছি। খালের ওপর দিয়ে যদি রাস্তা হয়ে থাকে তাহলে সেখানে বিকল্প ব্যবস্থা করে দেব। জিয়াউর রহমান যখন ক্ষমতায় নিয়েছিলেন তখন দেশে কিন্তু দুর্ভিক্ষ লেগে ছিল। মানুষ না খেয়ে মারা যেত। তার হাত দিয়েই খাল খননের মাধ্যমে কৃষিকে বিপ্লব ঘটেছিল এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম, দোহার উপজেলা কমিশনার (ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার প্রমুখ।

প্রতিনিধি/এসএস