জেলা প্রতিনিধি
০৩ মে ২০২৬, ০৪:১৪ পিএম
রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে পৃথকভাবে জেলেদের জালে ধরা পড়েছে ২৫, ২০ ও ১৮ কেজি ওজনের তিনটা বিশাল আকারের কাতল মাছ। মাছ তিনটি সিলেটের একজন লন্ডন প্রবাসী সর্বমোট ১ লাখ ১৬ হাজার ২০০ টাকায় কিনেছেন।
রোববার (৩ মে) ভোর ৬টার দিকে পদ্মা নদীর চর কর্ণসোনা এলাকায় স্থানীয় জেলে বাবু হালদার, আরিফ ও এরশাদের জালে কাতল মাছ ৩টি ধরা পড়ে।
পরে সকালে দৌলতদিয়া টার্মিনালে উন্মুক্ত নিলালে মাছ ৩টি নিয়ে আসে জেলেরা। সেখানে আনু খাঁর আড়তে ২৫ কেজি ওজনের কাতলটি প্রতি কেজি ২১০০ টাকা দরে মোট ৫২ হাজার ৫০০ টাকা, রেজাউলের আড়তে ২০ কেজি ওজনের কাতলটি প্রতি কেজি ১৭০০ টাকা দরে মোট ৩৪ হাজার এবং ১৮ কেজি ওজনের কাতল প্রতি কেজি ১৩০০ টাকা দরে মোট ২৩ হাজার ৪০০ টাকা সর্বমোট ৩টি মাছ ১ লাখ ৯ হাজার ৯০০ টাকায় কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিলেট জেলার একজন লন্ডন প্রবাসীর কাছে প্রতি কেজিতে মাত্র ১০০ টাকা লাভে ৩টি মাছ ৬৩ কেজি ওজন দিয়ে মোট ১ লাখ ১৬ হাজার ২০০ টাকায় বিক্রয় করেছি। দৌলতদিয়া থেকে পরিবহনযোগে মাছ ৩টি সিলেটের উদ্দেশে পাঠানো হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, মাছের উৎপাদন বাড়াতে সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের ফলেই এ ধরনের বড় মাছ পাওয়া যাচ্ছে।
প্রতিনিধি/এসএস