জেলা প্রতিনিধি
০৩ মে ২০২৬, ০৩:৩১ পিএম
দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (২ মে) স্থানীয় সময় মধ্যরাতে একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হওয়ার সময় মদ্যপ চালকের দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিবুর রহমান বাংলাদেশের জয়পুরহাট জেলার কালাই উপজেলার মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর ছেলে। তিনি দক্ষিণ কোরিয়ার জনবুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, শনিবার গভীর রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে হাসিব একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একজন মদ্যপ চালকের গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ায় শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে সক্ষম হননি।
রোববার (৩ মে) সকাল ৮টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিহত হাসিবুর রহমানের ব্যক্তিগত জীবন সম্পর্কে তার বন্ধু মাহমুদুল হাসান জানান, হাসিব ২০২৩ সালের ডিসেম্বর মাসে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়েছিলেন। বিদেশে আসার মাত্র চার মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
জীবনের সোনালী স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রবাসে গিয়ে এমন মর্মান্তিক পরিণতির শিকার হওয়ায় তার পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে হাহাকার বিরাজ করছে। দক্ষিণ কোরিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীরা তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন।
এই অপ্রত্যাশিত ও হৃদয়বিদারক ঘটনায় দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সহপাঠী, পরিচিতজন ও প্রবাসীরা তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিনিধি/ এজে