জেলা প্রতিনিধি
০৩ মে ২০২৬, ০১:৪৭ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলায় বোমা সদৃশ একটি বস্তু ও চিরকুট উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (৩ মে) সকালে উপজেলার চরগোয়াল গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদীর তীর থেকে এসব উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা সোহাগ জানান, সকালে নদীর পাড়ে একটি পরিত্যক্ত বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে বস্তুটি বোমা সদৃশ মনে হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি এবং একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে চিরকুটে কী লেখা ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।
গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি থানায় আনা হয়েছে। তবে কারা কী উদ্দেশ্যে বৌমা সদৃশ বস্তু ও চিরকুট রেখেছিল তা প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
প্রতিনিধি/টিবি