জেলা প্রতিনিধি
০২ মে ২০২৬, ০৩:২১ পিএম
চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় একই উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে।
শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মৃত শিশুর নাম আমির হামজা (৮ মাস)। সে দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল হামের উপসর্গ নিয়ে আমির হামজাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের বিশেষ নজরদারিতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
হাসপাতালের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে ৭৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪ থেকে ১৭ জন রোগী।
প্রতিনিধি/টিবি