images

সারাদেশ

ঝালকাঠিতে পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

০২ মে ২০২৬, ১১:৫০ এএম

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ভাড়া বাসা থেকে মনি আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়ি বাজারের ওয়ালটন প্লাজা সংলগ্ন মসজিদ গলি এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনি আক্তার রাজাপুর উপজেলার বামনকাঠি এলাকার খলিলুর রহমানের মেয়ে। তার স্বামী নুর উদ্দিন ঝালকাঠি জেলা পুলিশের একজন কনস্টেবল, যিনি গত ৫-৬ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে মনি আক্তারের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে নিহতের পরিবারের অভিযোগ, স্বামী নুর উদ্দিন দীর্ঘদিন ধরে মনি আক্তারের ওপর শারীরিক নির্যাতন চালাতেন এবং টাকার জন্য চাপ দিতেন। এ নিয়ে তাদের দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

নিহতের ভাই ওমর ফারুক জানান, মনি আক্তারের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাকে হত্যা করে তার স্বামী পালিয়ে গেছেন বলে তিনি দাবি করেন।

পরিবার সূত্রে আরও জানা যায়, তাদের পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে এবং মনি আক্তার তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

অভিযুক্ত নুর উদ্দিন দাবি করেন, পারিবারিক কলহের জেরে তার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন। পরে ভয়ে তিনি সন্তানকে নিয়ে বাসা থেকে চলে যান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস