জেলা প্রতিনিধি
০২ মে ২০২৬, ০৯:২১ এএম
গাইবান্ধার বালাশীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব কমানো এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
গতকাল শুক্রবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাশীঘাটে সচেতন নাগরিক সমাজের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণিপেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বালাশীঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত সেতু নির্মাণ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতির জন্য দ্রুত সেতুটি নির্মাণ করা প্রয়োজন।’
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদ, বুড়াইল কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি তৌহিদুর রহমান মিলন, জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি ফয়সাল কবির রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান শহীদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র জাহিদ হাসান জীবনসহ আরও অনেকে।
প্রতিনিধি/একেবি