images

সারাদেশ

মোংলায় আধুনিক পৌর ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

জেলা প্রতিনিধি

০১ মে ২০২৬, ০৯:০৫ পিএম

উপকূলীয় জনপদ মোংলায় উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে মোংলা পোর্ট পৌরসভার নিজস্ব আধুনিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেলে পৌর শহরের পুরাতন রিমঝিম সিনেমা হল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, মোংলা দেশের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল। এই অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য আধুনিক ও স্থায়ী অবকাঠামো নির্মাণ অত্যন্ত জরুরি। নতুন পৌরভবন নির্মাণ সেই প্রয়োজনীয়তারই প্রতিফলন।

তিনি আরও বলেন, সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করছে। এই ভবন নির্মিত হলে নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং জনগণ দ্রুত, স্বচ্ছ ও কার্যকর সেবা পাবে।

মোংলার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে এ অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। তাই প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি। এই আধুনিক ভবন সেই সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।

0dbfa8c2-b7a2-4093-83d0-0dbd919416c4

নির্মাণ কাজের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান নিশ্চিত করে কাজ সম্পন্ন করতে হবে। জনগণের অর্থে নির্মিত এই স্থাপনা যেন দীর্ঘমেয়াদে টেকসই হয়, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই পৌর ভবন শুধু একটি প্রশাসনিক স্থাপনা নয়, এটি মোংলার মানুষের উন্নয়ন, সম্ভাবনা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পৌর নির্বাহী প্রকৌশলী এস.এম. হাবিবুল্লাহ জানান, প্রায় ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট এই ভবন নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পৌরসভার নিজস্ব অর্থায়নে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৌকত এন্টারপ্রাইজ আগামী ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত মোংলা পোর্ট পৌরসভা দীর্ঘদিন ভাড়া ভবনে কার্যক্রম পরিচালনার পর অবশেষে নিজস্ব আধুনিক ভবন পেতে যাচ্ছে, যা স্থানীয় সেবাপ্রদান ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রতিনিধি/এসএস