images

সারাদেশ

‘শ্রমিক দিবস কিয়ামত পর্যন্ত পালিত হলেও ভাগ্যের পরিবর্তন হবে না’

জেলা প্রতিনিধি

০১ মে ২০২৬, ০৬:১৭ পিএম

নড়াইলে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে পুরাতন বাস টার্মিনাল চত্বরের মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম বেগের সভাপতিত্বে এবং নড়াইল পৌর শাখার সভাপতি সাইমুম হোসাইন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

সভায় প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি মাওলানা আকিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, নড়াইল জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল, বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সভাপতি এম হেদায়েত হোসাইন ও সাধারণ সম্পাদক ডা. কওছার উদ্দীনসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, ‘শ্রমিক দিবস বা মে দিবস যদি কিয়ামত পর্যন্ত পালিত হয়, তবুও আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। ভাগ্যের পরিবর্তন করতে হলে মহান আল্লাহ শ্রমিকদের জন্য যে অধিকার নির্ধারণ করেছেন, সেই খোদাপ্রদত্ত অধিকার রাষ্ট্রীয়ভাবে সংবিধানে কার্যকর করতে হবে। তবেই প্রকৃত ভাগ্য পরিবর্তন সম্ভব।’

বক্তারা আরও বলেন, কৃষি শ্রমিকদের জন্য সরকারিভাবে অনেক বরাদ্দ ও বাজেট থাকে। সেই অধিকারগুলো শ্রমিকদের নিজেদেরই আদায় করে নিতে হবে। নিজের অধিকার নিজে আদায় না করলে অন্য কেউ তা ফিরিয়ে দেবে না।

প্রতিনিধি/একেবি