জেলা প্রতিনিধি
০১ মে ২০২৬, ০৬:০২ পিএম
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরগুনায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আর এম সেলিম শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন এবং জেলা শ্রমিক দলের আহ্বায়ক নাসিরুদ্দিন।
এ সময় বিভিন্ন পেশার শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং যেকোনো দুর্যোগে শ্রমিকদের পাশে দাঁড়ানো জরুরি। তারা সব শ্রমিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
প্রতিনিধি/এসএস