images

সারাদেশ

দুর্যোগে সহকর্মীর পাশে আনসার বাহিনী, কাটা হলো এক একর ধান

জেলা প্রতিনিধি

০১ মে ২০২৬, ০৩:৪১ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জে টানা বৃষ্টি ও শ্রমিক সংকটে পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় থাকা তিন আনসার সদস্যের এক একর জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন সহকর্মীরা। কর্মকর্তাসহ নারী-পুরুষ সদস্যদের এমন মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মো. আমিনুল ইসলামের নেতৃত্বে প্রশিক্ষক মো. যুবায়ের আহমেদ এবং নারী সদস্যসহ ২০ থেকে ২২ জন সদস্য মিলে উৎসবমুখর পরিবেশে ধান কাটার কাজে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কমলপুর গ্রামের আনসার ভিডিপি সদস্য মো. খায়রুল, মো. বুলেন মিয়া ও মো. দুলাল মিয়ার প্রায় এক একর জমির ধান পাকলেও শ্রমিক সংকটে সময়মতো কাটতে পারছিলেন না। এর মধ্যে টানা বৃষ্টিতে জমির ধান পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়। খবর পেয়ে আনসার সদস্যরা দ্রুত এগিয়ে এসে পুরো ধান কেটে ঘরে তুলে দেন।

আনসার সদস্য বুলেন মিয়া বলেন, এ সময় একজন শ্রমিকের মজুরি ১২০০ থেকে ১৫০০ টাকা। এত খরচ দিয়ে শ্রমিক পাওয়া যাচ্ছিল না। বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার চিন্তায় ছিলাম। পরে কর্মকর্তাসহ অন্য সদস্যরা এসে ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। আমরা খুবই কৃতজ্ঞ।

উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, আমাদের তিন সদস্যের পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছিল। শ্রমিকের অভাবে তারা কাটতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই। সামান্য সহায়তা করতে পেরে ভালো লাগছে। এতে সদস্যরাও আনন্দিত।

স্থানীয়রা বলেন, দুর্যোগের সময়ে সহকর্মীর পাশে দাঁড়িয়ে আনসার সদস্যরা যে উদাহরণ সৃষ্টি করেছেন, তা সমাজে ইতিবাচক বার্তা দেবে।

প্রতিনিধি/এসএস