জেলা প্রতিনিধি
০১ মে ২০২৬, ১২:৩৬ পিএম
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত না হওয়ায় হাওরপাড়ের কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। কৃষকরা এখন কাটা ধান দ্রুত মাড়াই ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন। জেলায় নতুন করে ঝড়বৃষ্টি বা বজ্রপাত না হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে হাওরের অবশিষ্ট ধান দ্রুত কেটে ঘরে তোলার চেষ্টা করছেন তারা।
তবে কৃষকদের মতে, বৃষ্টি কমায় সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদি দুর্ভোগ কাটেনি। বিশেষ করে হাওরে চরম শ্রমিক সংকটের কারণে তাদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে সুরমা নদীর পানি ১ সেন্টিমিটার কমে বিপদসীমার ১ দশমিক ৫২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
চলতি বছর সুনামগঞ্জের হাওরগুলোতে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।
শুক্রবার সকাল পর্যন্ত ১ লাখ ১০ হাজার হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। তবে আগাম বৃষ্টি ও জলাবদ্ধতায় জেলায় ইতিমধ্যে ২০ হাজার হেক্টরেরও বেশি জমির ধান তলিয়ে গেছে।
প্রতিনিধি/একেবি