images

সারাদেশ

আদালতের ভেতর আইনজীবীকে মারধর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

জেলা প্রতিনিধি

৩০ এপ্রিল ২০২৬, ০৯:২১ পিএম

চাঁদপুরে এজলাসকক্ষে বিচার চলাকালে শফিকুল ইসলাম নামে এক আইনজীবীকে মারধরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদের এজলাসে দুপুর ২টার দিকে একটি মামলার জামিন শুনানি চলছিল। এ সময় আইনজীবী বাবর ব্যাপারী অপর আইনজীবী শফিকুল ইসলামকে ঘুষি মারেন এবং একপর্যায়ে মারধর করতে করতে তাকে এজলাসের বাইরে নিয়ে যান।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে আদালতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নজরে আসলে তিনি ঘটনার গুরুত্ব বিবেচনায় এটি আমলে নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ আকারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন।

অভিযুক্ত অ্যাডভোকেট বাবর ব্যাপারী চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

এদিকে, আদালতের অভ্যন্তরে আইনজীবীকে মারধরের বিষয়টির গুরুত্ব বিবেচনা করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। আদেশে তিনি ঘটনার বিস্তারিত বিশ্লেষণ, আহত আইনজীবীর জখম পর্যালোচনা এবং দায়ী ব্যক্তিদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহকে নির্দেশ প্রদান করেন।

আইনাঙ্গনে এই ঘটনাকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/একেবি