জেলা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ মিতালী ক্লাব এলাকায় বালতির পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম ইমা মনি। তার বাবা মোহাম্মদ ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রি। তাদের স্থায়ী বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আলীর পাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইসলাম সপরিবারে কোনাবাড়ী এলাকার আমবাগ মিতালী ক্লাব সংলগ্ন আব্দুস সামাদের বাড়িতে ভাড়া থাকতেন। দুপুরে শিশুটির বাবা-মা উভয়েই বাসার ভেতরে ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে ইমা মনি খেলতে খেলতে একসময় গোসলখানায় ঢুকে পড়ে। সেখানে রাখা অর্ধেক পানিভর্তি একটি বালতিতে অসাবধানতাবশত সে উপুড় হয়ে পড়ে যায়। দীর্ঘ সময় পানির নিচে থাকায় শ্বাসরোধ হয়ে শিশুটির মৃত্যু হয়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে।
প্রতিনিধি/একেবি