জেলা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পিএম
অনলাইনে ভুয়া এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।
গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণা করে আসছে। এরই প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে এবং রংপুর মহানগর এলাকায় সংশ্লিষ্ট এক প্রতারকের অবস্থান শনাক্ত করে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে রংপুর নগরীর শালবন এলাকার আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি মেসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযুক্ত শিক্ষার্থীকে তার ব্যবহৃত ডিজিটাল ডিভাইসসহ আটক করা হয়।
আটক শিক্ষার্থী আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা এলাকায়। শিশু আইনের বিধান অনুযায়ী ওই শিক্ষার্থীর নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। তার ব্যবহৃত স্মার্টফোনে এ সংক্রান্ত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে এবং বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টেও সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য মিলেছে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, অনলাইনে প্রতারণার অভিযোগে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/একেবি