জেলা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পত্তির হাতে নির্মম নির্যাতনের শিকার গৃহকর্মী শিশু আয়েশাকে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দিতে চান অ্যাডভোকেট তারেকুল ইসলাম মৃধা নোমান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি ঢাকা মেইলেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে এমন নির্মম নির্যাতনের খবর দেখে নিজেকে ঠিক রাখতে পারছি না। সমাজে এমন হিংস্র মানুষও আছে তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তাই আমি স্থির করেছি, গৃহকর্মী আয়েশাকে বিনা পরিশ্রমিকে আইনি সহায়তা দেব।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এক চিকিৎসক দম্পত্তির বিরুদ্ধে আয়েশা (১০) নামের গৃহকর্মীকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগী ওই শিশু গৃহকর্মী আয়েশাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির দেহের বিভিন্ন অংশে ক্ষতচিহ্নের দাগ রয়েছে। নির্যাতিত আয়েশা জেলার সরাইল উপজেলার পাকশিমুল এলাকার রাকিব মিয়ার মেয়ে।
শিশুটির পরিবার জানায়, গত ৯ মাস আগে নানার মাধ্যমে আয়েশাকে ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইল এলাকার নিবাসী চিকিৎসক নোমান ও কিমিয়া সাদাত তোফার ঘরে কাজের জন্য দেন। তবে গত তিন মাস ধরে পরিবারের লোকজন আয়েশার সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাদের যোগাযোগ করতে দেওয়া হয়নি। সম্প্রতি ওই চিকিৎসক দম্পতি আয়েশার পরিবারকে জানায় আয়েশা বাড়ি থেকে পালিয়ে গেছে। এরপর পরিবারের লোকজন আয়েশার কোনো খোঁজ খবর না পেয়ে গত ২৬ এপ্রিল সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর প্রেক্ষিতে বুধবার সকালে পুলিশ ওই চিকিৎসক দম্পতির পাশের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। এরপর পরিবারের কাছে বুঝিয়ে দিলে সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিনিধি/টিবি