জেলা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ১১:০১ এএম
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুল উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে খুলনা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে মোট ১৫ পদে ২৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭২ জন ভোটার ভোট প্রদানের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে দুপুর ১টা পর্যন্ত।
ইতোমধ্যে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। জুলাই অভ্যুত্থানের দীর্ঘ আঠারো মাস পর প্রেস ক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে এক ধরনের উৎসাহ তৈরি হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
খুলনা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না বলেন, দীর্ঘ সময় পর গণতান্ত্রিক প্রতিক্রিয়া নেতা নির্বাচনের সুযোগ পেয়েছে সাংবাদিকরা। আমরা চাই যারাই নির্বাচিত হবেন, তারা সবার প্রতিনিধিত্ব করবেন। প্রেস ক্লাব হবে সবার। সাংবাদিকদের অধিকার নিশ্চিতে তারা স্বোচ্চার থাকবেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা সরোয়ার ও মো. মিজানুর রহমান মিল্টন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. তরিকুল ইসলাম, মো. হেদায়েত হোসেন মোল্লা ও শেখ কামরুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ হাসান ও বিমল সাহা। সহ-সভাপতি পদে লড়ছেন মো. জাহিদুল ইসলাম, কাজী শামিম আহমেদ, সোহরাব হোসেন ও আতিয়ার পারভেজ। যুগ্ম-সম্পাদক পদে প্রার্থী শেখ মাহমুদ হাসান ও মো. বেল্লাল হোসেন সজল; পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বশির হোসেন, শেখ জাহিদুল ইসলাম ও রবিউল গাজী উজ্জ্বল।
ছয়টি নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন কাজী মোতাহার রহমান, মো. মাকসুদুর রহমান মাকসুদ, কে এম জিয়াউস সাদাত, মো. আনিস উদ্দিন, সোহেল মাহমুদ, শেখ লিয়াকত হোসেন, মহেন্দ্রনাথ সেন, মো. মেহেদী মাসুদ খান ও রাজু আহমেদ। এদিকে ইতোমধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিলন।
প্রতিনিধি/টিবি