images

সারাদেশ

দিনাজপুরে ফেনসিডিল ও বিদেশি মদসহ আটক ১

জেলা প্রতিনিধি

৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৮ এএম

দিনাজপুরে অভিযান চালিয়ে ৫৮১ বোতল ফেনসিডিল ও ২৫ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে  র‌্যাব- ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন, দিনাজপুর জেলার কোতয়ালী থানার খানপুর জাগির পাড়া গ্রামের মৃত আবু তাহানুরের ছেলে মো. জুয়েল বাবু (২৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে র‍্যাব-১৩ এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি অভিযানিক দল জেলার কোতোয়ালি থানার ৯ নম্বর খানপুর ইউনিয়নের খানপুর জাগিরপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পলাতক আসামি রায়হান কবির ওরফে বাবুর বাড়ির পূর্ব পাশে একটি পরিত্যক্ত লাকড়ির ঘরে তল্লাশি চালিয়ে ৩৬২ বোতল এস্কাফ, ২১৯ বোতল আরসি কাফ প্লাসসহ মোট ৫৮১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদক এবং ২৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় ওই এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. জুয়েল বাবু (২৫) কে আটক করা হয়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে