images

সারাদেশ

বেহুন্দি জাল দিয়ে মাছ ধরার দায়ে ৩ জেলেকে কারাদণ্ড

জেলা প্রতিনিধি

৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ এএম

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীতে নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের রায়ে এক জেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুই জেলেকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— নলছিটি উপজেলার নলবুনিয়া এলাকার মৃত জয়নাল হাওলাদারের ছেলে মো. নিজাম হাওলাদার (৫০), একই এলাকার সাহেব আলী সিকদারের ছেলে মো. আক্কাস সিকদার (৪০) এবং রাজাপুর উপজেলার সাউথপুর এলাকার মানিক হাওলাদারের ছেলে মো. রফিকুল ইসলাম (১৯)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, বিষখালী নদীতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে দণ্ড দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা নিষিদ্ধ বেহুন্দি জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশের পোনা সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

প্রতিনিধি/টিবি