জেলা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পিএম
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল তিন দিনের জন্য বন্ধ করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে নেওয়া এই সিদ্ধান্তে আজ বুধবার পর্যন্ত অন্তত ৩০০ যাত্রী সীমান্ত থেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর ২৪ পরগনার কয়েকটি কেন্দ্রে আজ ভোটগ্রহণ হয়েছে। এ কারণে ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত যাত্রী চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভারতীয় পুলিশ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের নির্দেশে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।
বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অনেক যাত্রী ভারতে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হন। আগাম ঘোষণা না থাকায় হঠাৎ এ সিদ্ধান্তে তারা ভোগান্তিতে পড়েন।
তবে জরুরি কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ভোটারদের যাতায়াত এবং দ্রুত নষ্ট হয় এমন পণ্যবাহী যানবাহন বিশেষ বিবেচনায় চলাচলের অনুমতি পাচ্ছে।
ব্যবসায়ীদের আশঙ্কা, এই নিষেধাজ্ঞায় আমদানি-রফতানি কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে এবং পণ্য খালাসে বিলম্ব হতে পারে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ভারতীয় কর্তৃপক্ষ এ সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
তার ভাষ্য, বেনাপোল ইমিগ্রেশন খোলা থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশি বা ভারতীয় কোনো যাত্রীকেই প্রবেশের অনুমতি দিচ্ছে না।
প্রতিনিধি/একেবি