images

সারাদেশ

বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে

জেলা প্রতিনিধি

২৯ এপ্রিল ২০২৬, ১০:৩২ পিএম

বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

স্কুল সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ক্লাস চলাকালে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় স্কুলের সামনে একটি গাছে বজ্রপাত হলে, বিকট শব্দে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অন্তত ১১ শিক্ষার্থী আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষক ও সহপাঠীদের সহায়তায় তাদের প্রথমে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে এবং সেখান থেকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে হাবিবা, জান্নাতি, ইয়াসমিন, মিম, ঐশী, রিয়া মনি, মনিরা, রুমি ও কারিমাসহ অন্যরা।

f7a375c8-8211-43a6-83c1-9cb6dd9d5955

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানায়, বজ্রপাতের সময় বিকট শব্দে অনেকেই ভয় পেয়ে যায়। কয়েকজন কথা বলতে পারছিল না।

স্কুলের সহকারী শিক্ষক মো. ওবায়দুল কবির বলেন, হঠাৎ ঝড়ের মধ্যে বজ্রপাত হলে তৃতীয় তলার শিক্ষার্থীরা বেশি আতঙ্কিত হয়ে পড়ে। আমরা দ্রুত তাদের নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক সেবা দিই।

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মাহফুজুর রহমান বলেন, বেশিরভাগই ভয়জনিত কারণে অসুস্থ হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

প্রতিনিধি/এসএস