images

সারাদেশ

ভাতিজাদের পিটুনিতে চাচা নিহত, লাখ টাকায় মীমাংসার চেষ্টা, হয়নি মামলা

জেলা প্রতিনিধি

২৯ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গ্রাম পুলিশের (চৌকিদার) উপস্থিতিতে ভাতিজাদের পিটুনিতে মানিক সরদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর বিষয়টি এক লাখ টাকা নিয়ে মীমাংসার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় সঠিক বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন নিহতের পরিবার।

নিহত মানিক সরদার পূর্ব দুর্গাপুর গ্রামের মৃত ছবেদ আলী সরদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে চলমান একটি মামলাকে কেন্দ্র করে গত রোববার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে মানিক সরদার ও তার ছেলে মেহেদীকে প্রথমে নিজ বাড়িতে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, তার ভাইপো রাব্বি সরদার, আজিম সরদার এবং প্রতিবেশী রবিন শেখ, সজিব ও সাইফুল মৃধা তাদের মারধর করে টেনে-হিঁচড়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

পরে তাদের মজিবর সরদারের বাড়িতে নিয়ে দ্বিতীয় দফায় বেধড়ক মারধর করা হয়। এ সময় স্বামী ও ছেলেকে রক্ষা করতে গেলে মানিকের স্ত্রী ফরিদা বেগমকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মানিক সরদারের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করলেও পরে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়াই তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।

নিহতের স্বজনদের দাবি, এর আগেও জমি নিয়ে বিরোধের জেরে তাদের তিনটি গরুকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছিল।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মরদেহ থানায় নেওয়ার পর একাধিকবার মামলা করার চেষ্টা করলেও পিরোজপুর সদর থানা পুলিশ মামলা নেয়নি। এমনকি লিখিত অভিযোগও গ্রহণ করতে চায়নি। উল্টো আসামিপক্ষের সঙ্গে এক লাখ টাকা নিয়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

নিহতের ছেলে মেহেদী সরদার বলেন, আমরা ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ রাত ৯টার দিকে ওরা ৬-৭ জন আমাদের বাড়ি ঘেরাও করে। তারা ঘরের দরজা ভেঙে আমাকে এবং আমার বাবাকে মারধর করে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে মজিবর সরদারের ঘরে আটকে রেখে মারধর করে। তখন আমার বাবা প্রকৃতির ডাক পাওয়ায় বাইরে গেলে বেশকিছু সময় ধরে না আসলে তখন আমি জোর করে বাইরে বের হয়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছে। তার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন। আমার বাবা বলে ওরা আমাকে মারছে।

db53478b-5be3-4ba4-8a3a-fa56a47aad7d

নিহতের মেয়ে তামান্না আক্তার বন্যা কান্নাজড়িত কণ্ঠে বলেন, রাতে আব্বা ডাক দিলে গিয়ে দেখি অন্ধকারে মাটিতে পড়ে আছে, ঠিকমতো শ্বাস নিতে পারছেন না। তখন আব্বা বলছিলেন, ডাক্তারের কাছে নিতে। কিন্তু কেউ তাকে হাসপাতালে নেয়নি। আমার আব্বাকে ওরা পেটাতে পেটাতে শেষ করে ফেলছে। এর আগেও আমাদের তিনটি গরু বিষ খাইয়ে মেরে ফেলছিল। আমি এই হত্যাকারীদের সর্বোচ্চ বিচার চাই।

নিহতের স্ত্রী ফরিদা বেগম বলেন, আমাকে এক লাখ টাকা নিয়ে মীমাংসা করতে বলে কিন্তু আমি আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই। আমি খয়রাত করে হলেও মামলা চালাব, এই সন্ত্রাসীদের বিচার করতেই হবে।

এই ঘটনায় গ্রাম পুলিশ মিকচান চৌকিদারকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নোমান মৃধা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নৃশংস। আমি জানলে এরকমটা হতো না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

322896a8-ddba-4320-a3b3-077baf787a37

এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ মামলা করতে আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, এমন নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

প্রতিনিধি/এসএস