জেলা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম
ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান মো. শহীদুল হাসান খাঁন সোহাগকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সোহাগের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি এসব মামলায় পলাতক ছিলেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে শহীদুল হাসান খাঁন সোহাগকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলাসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার আসামিকে থানায় এনে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হবে।
প্রতিনিধি/এসএস