images

সারাদেশ

রাঙ্গাবালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি

২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি সংলগ্ন ফসলের মাঠে গরুকে ঘাস খাওয়াতে যান সৌরভ। তখন বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সৌরভ ওই গ্রামের শাহ আলম মজুমদারের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মাত্র এক সপ্তাহ আগে সৌরভ প্রথম সন্তানের বাবা হয়েছেন। এমন সময়ে তার অকালমৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে স্ত্রী-সন্তানের ভবিষ্যৎ।

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, সকালের দিকে বজ্রপাতের ঘটনাটি ঘটেছে। আর সেই বজ্রপাতেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

তিরি আরো বলেন, ঘটনাস্থলে আমাদের অফিসার পাঠানো হয়েছে। নিহতের পরিবার যেভাবে চাইবেন পুলিশের পক্ষ থেকে সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস