জেলা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পিএম
বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল রয়েছে। দুর্ঘটনা এড়াতে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট থেকে ভোলাগামী ফেরি চলাচল বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে বুধবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে একটি লঞ্চ যাত্রী নিয়ে মজুচৌধুরীর হাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
মজুচৌধুরীর হাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বলেন, বৈরী আবহাওয়ার কারণে বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে মজুচৌধুরীর হাট থেকে ভোলার ইলিশা রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
তিনি জানান, এ রুটে প্রতিদিন চারটি ফেরি চলাচল করে। এতে প্রায় ১৫০টি যানবাহন পারাপার হয়।
মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ ছিল। তবে বুধবার সকাল থেকে মজুচৌধুরীর হাট ঘাটে বরিশাল-ভোলাগামী বিপুল পরিমাণ যাত্রী অবস্থান করে। তাদেরকে ঘাটে ধরে রাখার পরিস্থিতি ছিল না। তাই দুপুর সোয়া ১২টার দিকে পারিজাত নামক একটি লঞ্চ ছাড়া হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে ছোট লঞ্চ এবং ছোট নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঘাটের পোর্ট অফিসার শাহ আলম জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর থেকে রাত ১টা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ছিল। বুধবার লঞ্চ চলাচল কিছুটা স্বাভাবিক হয়৷
কালবৈশাখীর প্রভাবে লক্ষ্মীপুরে মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রপাতও হয়েছে। তবে ওইদিন বিকেল থেকে বৃষ্টি না থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন ছিল।
বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে কিছুটা ঝড়ো হওয়ার বয়ে যায়। সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতও শুরু হয়। দুপুরের বৃষ্টিপাত না হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
প্রতিনিধি/এসএস