উপজেলা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পিএম
বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন পর্যটকরা। আকাশ মেঘাচ্ছন্ন, দমকা হাওয়া ও মাঝেমধ্যে মুষলধারে বৃষ্টি থাকলেও দর্শনার্থীদের উৎসাহে ভাটা পড়েনি।
বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে বৈরী আবহাওয়ার পাশাপাশি উত্তাল রয়েছে সমুদ্র।
সৈকতজুড়ে দেখা গেছে ভিন্ন চিত্র, কেউ ঢেউয়ের সঙ্গে খেলায় মগ্ন, কেউ হাঁটছেন সমুদ্রতটে, আবার তরুণদের অনেকেই ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত। প্রতিকূল আবহাওয়ায় পর্যটক সংখ্যা তুলনামূলক কম হলেও যারা এসেছেন, তারা এই ভিন্ন অভিজ্ঞতাকে উপভোগ করছেন।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা মাইকিং করে সতর্কবার্তা দিচ্ছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে।

ঢাকা থেকে আসা পর্যটক নাদিম বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুরতে এসেছি। সত্যি বলতে আবহাওয়া খারাপ থাকলেও সমুদ্রের এই রূপটা একেবারেই আলাদা ও আকর্ষণীয়। আকাশের কালো মেঘ, দমকা হাওয়া আর উত্তাল ঢেউ। সব মিলিয়ে এক ধরনের রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ সময়ের চেয়ে এখন সমুদ্রকে আরও জীবন্ত মনে হচ্ছে। একটু ঝুঁকি থাকলেও সতর্ক থাকলে এই অভিজ্ঞতা দারুণ উপভোগ করা যায়।

খুলনা থেকে আসা রাজু জানান, আমরা আগে থেকেই পরিকল্পনা করে এসেছি। আবহাওয়া খারাপ হলেও প্রোগ্রাম বাতিল করিনি। বরং এই সময়টায় কুয়াকাটার সৌন্দর্য অন্যরকম লাগে। ভিড় কম থাকায় খুব স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছি, ছবি তুলতে পারছি। বন্ধুদের সঙ্গে সময়টাও বেশ উপভোগ্য হচ্ছে। আমার মনে হয়, যারা একটু ভিন্ন অভিজ্ঞতা চান, তাদের জন্য এই সময়টা ভালো।

মোংলা থেকে আগত রাকায়েত বলেন, ঝড়ো হাওয়া আর বড় বড় ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে সমুদ্র দেখার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। এই পরিবেশে এক ধরনের উত্তেজনা কাজ করে, যা সাধারণ সময়ে পাওয়া যায় না। আমরা সতর্ক থেকেও বেশ মজা করছি। তাই খারাপ আবহাওয়া আমাদের আনন্দে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজ বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও পর্যটকদের আগমন অব্যাহত রয়েছে। অনেকেই ভিন্ন অভিজ্ঞতার জন্য এমন সময় বেছে নেন। তবে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা সতর্ক অবস্থানে রয়েছেন।

টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি চলছে। বৈরী আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
প্রতিনিধি/ এজে