জেলা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ পিএম
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে জাহিদুল হাওলাদার(৩০) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল হাওলাদার স্থানীয় ইউনুস হাওলাদারের ছেলে। তিনি পেশায় ট্রলি চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বালু পরিবহনের কাজ করছিলেন জাহিদুল। ট্রলিটি ঘোরানোর সময় পিছনের গিয়ারে নেওয়ার মুহূর্তে হঠাৎ বালুর মধ্যে চাকা ডেবে যায়। এতে ট্রলির সামনের অংশ হঠাৎ উঁচু হয়ে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে ছিটকে পড়েন। এসময় বিদ্যালয়ের প্রধান ফটকের সঙ্গে মাথার পেছনে গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাঁঠালিয়া থানার সেকেন্ড অফিসার এসআই সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এজে