images

সারাদেশ

জামালপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি

২৯ এপ্রিল ২০২৬, ১১:৪২ এএম

জামালপুরের ইসলামপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে মো. শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলাম (১৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি গ্রাম এবং সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ সকালে শামীম মিয়া নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে সকাল ৯টার দিকে সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)-এর অধীনে একটি পাকা সড়কের নির্মাণকাজ চলাকালে বজ্রপাতে সাগর ইসলাম নিহত হন। ঘটনাস্থলে ১০-১২ জন শ্রমিক কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে সবাই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সাগর ইসলাম কিছুটা পেছনে পড়ে গেলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাইয়ূম গাজী বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/ এজে