জেলা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম
জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) পৃথক দু’টি পরীক্ষা কেন্দ্রে এসব ঘটনা ঘটে।
বকশীগঞ্জ উপজেলার উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে জিসান রহমান নামে এক পরীক্ষার্থী টয়লেটে গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নের সমাধান দেখছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে কেন্দ্র কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তার কাছে মোবাইল ফোন থাকার বিষয়টি নিশ্চিত হয়। পরে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন উদ্ধার করা হলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত জিসান রহমান বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। কেন্দ্র সচিব বিপ্লব কিশোর চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বনের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে কোনো প্রশ্ন ফাঁস চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে, একই দিনে দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা এবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে নকল করার দায়ে আরও এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
পরীক্ষা চলাকালে ওই পরীক্ষার্থীর নকল করার বিষয়টি দায়িত্বরত ট্যাগ অফিসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাকে বহিষ্কার করা হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, পরীক্ষা হলে নকল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস