জেলা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জে র্যাবের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল সমজাতীয় মাদকসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৬টার দিকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চন্দ্রপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. সাইফুল ইসলাম ওরফে সুজনের (২০) বসতবাড়ি থেকে ৩৬৫ বোতল এস্কাফ, ১৯৬ বোতল এস্কাফ ডিএক্স এবং ৫০ বোতল ফেয়ারডিলসহ মোট ৬১১ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক জব্দ করা হয়।

এ সময় তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মো. ইয়াকুব আলীর ছেলে মো. সাইফুল ইসলাম সুজন (২০), মৃত ফজলুল হকের ছেলে মো. মতিউল ইসলাম (৩০)। তারা উভয়েই চন্দ্রপুর এলাকার বাসিন্দা এবং মো. মফিজুল খানের ছেলে মো. স্বপন মিয়া (৩৮) উত্তর দলগ্রাম এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদেরকে জব্দ করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
প্রতিনিধি/এসএস