জেলা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পিএম
কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে বজ্রপাতে রমিজ উদ্দিন নামে এক লবণ চাষির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের মাঝেরঘাট ব্রিজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রমিজ উদ্দিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের উত্তর পালাকাটা এলাকার বাসিন্দা এবং অছিউর রহমানের ছেলে। তিনি পেশায় লবণ চাষি ছিলেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে কক্সবাজার সদরের বিভিন্ন এলাকায় ধমকা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছিল। এ সময় চৌফলদণ্ডী ইউনিয়নের মাঝেরঘাট ব্রিজ সংলগ্ন লবণের মাঠে রমিজ উদ্দিনসহ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি কাজ ছেড়ে ব্রিজের দিকে উঠতে থাকেন। একপর্যায়ে মাঝেরঘাট ব্রিজে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস