images

সারাদেশ

কুয়াকাটায় শতাধিক জেলেকে লাইফ জ্যাকেটসহ জীবনরক্ষাকারী সরঞ্জাম বিতরণ

উপজেলা প্রতিনিধি

২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম

সমুদ্রে জীবিকার সন্ধানে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিতে কুয়াকাটায় আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কর্মশালা। ‘ব্যক্তিগত ভাসমান যন্ত্র (PFD) উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী এ কর্মশালায় অংশ নেন শতাধিক সমুদ্রগামী বোটের মালিক, মাঝি ও জেলে।

গত ২৭ ও ২৮ এপ্রিল কুয়াকাটার গ্রেভার ইন হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালায় জেলেদের হাতে-কলমে শেখানো হয় ব্যক্তিগত ভাসমান যন্ত্র (PFD) ব্যবহারের কৌশল, রক্ষণাবেক্ষণ পদ্ধতি এবং সমুদ্রে দুর্ঘটনা মোকাবিলার বিভিন্ন উপায়। পাশাপাশি স্বল্প খরচে স্থানীয় উপকরণ—যেমন বাইকের টিউব, রেক্সিন, ট্যাব, নজেল ও বালব ব্যবহার করে কীভাবে কার্যকর জীবনরক্ষাকারী সরঞ্জাম তৈরি করা যায়, সে বিষয়েও দেওয়া হয় বাস্তবভিত্তিক প্রশিক্ষণ।

‘সমুদ্রে জেলেদের নিরাপদ কর্মজীবন’ প্রকল্পের আওতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে এবং প্রফেসর ড. সাজেদুল হকের তত্ত্বাবধানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং অর্থায়ন করে যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল ফান্ড ফর ফিশিং সেফটি।

potuakhali

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সাজেদুল হক বলেন, সমুদ্রে কর্মরত জেলেদের জীবনের ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা ও জেলেদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ওয়ার্ল্ডফিশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, বোট মালিকদের দায়িত্বশীলতা ও সঠিক প্রস্তুতিই জেলেদের নিরাপত্তার মূল চাবিকাঠি।

কর্মশালার অংশ হিসেবে শতাধিক জেলের মাঝে লাইফ জ্যাকেটসহ বিভিন্ন জীবনরক্ষাকারী সরঞ্জাম বিতরণ করা হয়। আয়োজকদের আশা, এসব সরঞ্জাম সমুদ্রে দুর্ঘটনার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

potu

উল্লেখ্য, এ গবেষণা প্রকল্পের আওতায় কুয়াকাটা ছাড়াও বরগুনার পাথরঘাটা এবং কক্সবাজার অঞ্চলের প্রায় ৩০০ জন মৎস্যজীবী উপকৃত হবেন। পর্যায়ক্রমে তাদের জন্য প্রশিক্ষণ ও নিরাপত্তা সরঞ্জাম বিতরণের পরিকল্পনা রয়েছে।

আয়োজকরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ উপকূলীয় জেলেদের জীবন সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং তাদের কর্মপরিবেশকে আরও নিরাপদ করে তুলবে। ভবিষ্যতে দেশের অন্যান্য উপকূলীয় এলাকাতেও এ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রতিনিধি/এসএস