জেলা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম
মুন্সিগঞ্জের গজারিয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসের কান্দি গ্রামর ফসলি জমিতে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন একই গ্রামের লোকমান মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে নিহত শাহাদাত গোয়ালের গরুটি বাড়ির পাশের মাঠে চড়াতে দিয়ে আসেন। পরে হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির তীব্রতা না কমায় শাহাদাত মাঠ থেকে তার গরুটি আনতে যান।
এ সময় গরু নিয়ে বাড়ি ফেরার পথে সকাল পৌনে ১১টার দিকে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, আক্রান্ত হওয়ার পর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা মৃত জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী। তিনি জানান, বজ্রপাতের কারণে ঘটনাস্থলেই প্রাণ গেছে নিহত কৃষক শাহাদাত হোসেনের। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
প্রতিনিধি/এসএস