জেলা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম
ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকামুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি ফেনী স্টেশনের প্ল্যাটফর্মে দীর্ঘ ৬ ঘণ্টা আটকে ছিল। এ সময় ট্রেনের ভেতর থাকা প্রায় ৮০০ যাত্রীর মধ্যে তীব্র অস্বস্তি ও অস্থিরতা ছড়িয়ে পড়ে। দীর্ঘ বিলম্বের কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানো নিয়ে অনেকেই অনিশ্চয়তায় পড়েন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৭টা ৪২ মিনিটে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনী স্টেশনে ট্রেনটি প্রবেশ করে। প্রত্যক্ষদর্শী ও জিআরপি পুলিশ জানায়, স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনের ‘ট্যাপেট কভার’ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এক পর্যায়ে ট্রেনের সহকারী লোকোমাস্টার (এএলএম) মোহাম্মদ কাওসার ইঞ্জিনের সমস্যা সমাধানের চেষ্টা করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানান, ধোঁয়ার কারণে ওই রেলকর্মীর মুখ ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, ‘লাকসাম থেকে একটি রিলিফ ট্রেন (বিকল্প ইঞ্জিন) এসে পৌঁছানোর পর যান্ত্রিক ত্রুটি সারিয়ে দুপুর ১টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘ সময় ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকলেও অন্য দুটি লাইন সচল থাকায় অন্যান্য ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।’
এদিকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না পেরে ফেনী স্টেশনের অনেক যাত্রী টিকিট ফেরত দিয়ে বিকল্প উপায়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।
প্রতিনিধি/একেবি