জেলা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ এএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করতে এসে জয় চৌধুরী (২৩) নামে এক যুবক কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। একইসঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানাও দেওয়া হয়েছে।
বাল্যবিয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে কারাদণ্ড ও জরিমানা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক কিশোরীকে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বারাইগাতী এলাকার জয় চৌধুরীর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণ ও পাটগাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুভাষ বিশ্বাসের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বর জয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে কিশোরীকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।
প্রতিনিধি/এজে