জেলা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পিএম
ফরিদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ জন পরীক্ষার্থীর অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) নম্বর হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত ১৫ থেকে ১৮ এপ্রিল দেশব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার শেষ দিন ১৮ এপ্রিল ফরিদপুর সদর উপজেলার ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মার্ক রিকগনিশন (ওএমআর) নম্বর হারিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 'বাংলাদেশ ও বিশ্ব পরিচয়' বিষয়ের পরীক্ষার ১৫৪টি ওএমআর শিট কেন্দ্র থেকেই হারিয়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ জানান, শেষ পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। তিনি আরও বলেন, ওএমআর শিট হারিয়ে গেলেও পরীক্ষার্থীদের মূল্যায়নে কোনো সমস্যা হবে না। কারণ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি) ইতোমধ্যে তথ্য পুনরুদ্ধার (রিকভার) করতে সক্ষম হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয় আছেন, তারা বিষয়টি দেখবেন। এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, বিষয়টি জানার পর আমি সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানায় জিডি করতে বলেছি, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। এছাড়া জেলার প্রশাসক মহোদয়কে বিষয়টি জানানো হয়েছে, তিনি প্রাথমিক শিক্ষা অধিদফতরে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। অধিদফতর এ বিষয়ে প্রয়োজনের ব্যবস্থা নেবেন।
তিনি আরও বলেন, এ ঘটনার পর প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাসকে ফরিদপুর জেলার বাইরে বদলি করা হয়েছে।
প্রতিনিধি/এসএস