images

সারাদেশ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে উধাও, যুবককে খুঁজছে পুলিশ

জেলা প্রতিনিধি

২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে উধাও হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) সকালে শহরের টাউন হল মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। যুবকটিকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ চলাচলের মাঝেই হুট করে ওই যুবক উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় পথচারীদের মধ্যে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়। গত ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের পর জনসম্মুখে এ ধরনের স্লোগান দেওয়ার ঘটনা জেলা শহরে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়রা জানান, যুবকটি কিছুক্ষণ স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা মাইকটি জব্দ করেছি। তবে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারে চেষ্টা চলছে।’

প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর থেকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়টি অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর আগে বিভিন্ন সময় কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। বর্তমানে সেখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দৃশ্যমান না থাকলেও এই ঘটনায় জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে।

প্রতিনিধি/এমআই