জেলা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পিএম
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের একটি আস্তানায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৫৮ জন মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মানবপাচারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ ২ বিজিবির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের টহলদল মহেশখালী পাড়া এলাকায় মোহাম্মদ শক্কুরের বসতবাড়ির পাশের একটি অস্থায়ী আস্তানায় অভিযান চালায়।
অভিযানে সেখান থেকে ৫৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ২০ জন নারী এবং ৩৩ জন শিশু রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মানবপাচারের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা এবং দুটি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মানবপাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস