জেলা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে মো. শাহীদুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক দল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (২৭ এপ্রিল) ভুক্তভোগী শাহীদুল ইসলাম মিরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
হামলায় আহত শাহীদুল ইসলাম ওয়াহেদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর ওয়াহেদপুর এলাকার সোনা মিয়া ভুঁইয়া বাড়ির মো. সিরাজুল ইসলামের ছেলে। সে ওয়াহেদপুর ইউনিয়ন শ্রমিক দল নেতা।
লিখিত অভিযোগে শাহীদুল ইসলাম বলেন, একই এলাকার মনিরুজ্জামান রুমেল, কামরুজ্জামান শিমুল, নুর হোসেন (২৮), মোশারফ, কামরুজ্জামান সাইফুলের সাথে জায়গা-জমির বিরোধ নিয়ে মনোমালিন্য হয়। বিষয়টি নিয়ে আমার সাথে দীর্ঘদিন ধরে ঝামেলা করার পাঁয়তারা করছে। রোববার সন্ধ্যায় হাদিফকিরহাট বাজারে ওষুধ কেনার জন্য গেলে তারা আমাকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে বিবাদীরা ও অজ্ঞাত ৫/৬ জন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, লাঠি ও রড দিয়ে আমার ওপর অতর্কিত হামলা করে। এতে আমার শরীরে বিভিন্ন স্থানে জখম হয়। পরবর্তীতে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
লিখিত অভিযোগে তিনি আরও বলেন, তাদের কাজে বাধা দিলে আমাকে খুনের ভয়ভীতি দিয়ে যায়। তারা এলাকায় মাদক কারবারিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত রয়েছে।
অভিযোগ অস্বীকার করে মনিরুজ্জামান রুমেল বলেন, শ্রমিক দল নেতা শাহীদুল ইসলাম একজন ডাকাত। স্বর্ণকারের দোকানে চাঁদাবাজি করতে গিয়ে জনরোষের শিকার হয়েছেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, হাদিফকিরহাট এলাকায় হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
প্রতিনিধি/এসএস