জেলা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম
নেত্রকোনায় এক হাজার ইয়াবাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক নারীরা হলেন, সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার রাসেল মিয়ার স্ত্রী টুম্পা আক্তার (২৫), মো. বকুল মিয়ার স্ত্রী রেজিয়া (৪০) ও আল আমিনের স্ত্রী সানিয়া আক্তার (২৫)।
পুলিশ জানায়, মাদক কেনা-বেচার গোপন সংবাদে গতকাল রোববার দিবাগত রাতে রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৬০০ ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আল আমিন (৩২), মো. রাসেল (২৮), মো. বাবুল মিয়া (৪৮) ও মো. মুবিনকে (২৮) আটক করা হয়। এসময় ওই তিন নারী তাদের স্বামীদের ছাড়িয়ে নিতে আরও ৬-৭ জন নারী-পুরুষকে সঙ্গে নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। লাঠি, লোহার রড ও ধারালো দা দিয়ে হামলা চালিয়ে আটক চার মাদক কারবারিকে ছাড়িয়ে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশের আরেকটি দল গিয়ে হামলাকারী টুম্পা, রেজিয়া ও সানিয়াসহ তিন নারীকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে আরও ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় মাদক বিক্রির নগদ ৪৬ হাজার ৭৮৫ টাকা, পুরাতন মডেলের দুটি ল্যাপটপ, একটি স্মার্টফোন, মাদক পরিবহনে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল ও তিনটি লাঠি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, পালিয়ে যাওয়া আল আমিন, রাসেলসহ সবাই এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের পাশাপাশি আটক তিন নারীও মাদক কারবারে সক্রিয়।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে পালিয়ে যাওয়া মাদক কারবারিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
প্রতিনিধি/এসএস