images

সারাদেশ

পদ্মায় জেলের বড়শিতে ধরা পড়া কুমির ৯ ঘণ্টা পর উদ্ধার

জেলা প্রতিনিধি

২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে জেলের বড়শিতে আটকে পড়া একটি কুমিরকে প্রায় ৯ ঘণ্টা পর উদ্ধার করেছে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি বিশেষ দল। 

সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাজী বাড়ির খেয়াঘাট এলাকা থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

এর আগে সকালে উপজেলার গোপালপুর এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের ফেলা ‘হাজাইরা’ বড়শিতে কুমিরটি আটকে পড়ে। পরে স্থানীয় জেলেরা কুমিরটিকে নিরাপদে উদ্ধার করে কাজী বাড়ির ঘাটে নিয়ে আসেন এবং প্রশাসনকে খবর দেন। সংবাদ পেয়ে সকাল থেকেই পুলিশ ও স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কুমিরটির নিরাপত্তা নিশ্চিত করেন। বিকেলে খুলনা থেকে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বিশেষজ্ঞ দলটি পৌঁছে প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়।

খুলনা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের কর্মকর্তা তন্ময় আচার্য জানান, উদ্ধার করা কুমিরটি পুরুষ প্রজাতির এবং এটি একটি নোনা পানির কুমির। সাধারণত এ ধরনের কুমির সমুদ্র বা উপকূলীয় লবণাক্ত পানিতে বাস করে। তবে জোয়ার-ভাটা, খাদ্যের সন্ধান কিংবা প্রাকৃতিক কারণে এগুলো মাঝেমধ্যে মিঠা পানির নদীতে চলে আসতে পারে। তিনি আরও জানান, কুমিরটিকে প্রথমে খুলনায় নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত নোনা পানির পরিবেশে অবমুক্ত করা হবে।

উদ্ধারে সহায়তাকারী জেলে স্বপন ব্যাপারী, রাজীব ব্যাপারী, রবিউল ব্যাপারী ও বিল্লাল খান জানান, মাছ ধরার সময় হঠাৎ বড়শিতে অস্বাভাবিক টান অনুভব করে তারা বুঝতে পারেন একটি বড় কুমির আটকেছে। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তারা কুমিরটিকে জীবিত উদ্ধার করে প্রশাসনের হাতে তুলে দেন।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, খবর পাওয়ার পরপরই বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কুমিরটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেহেতু নোনা পানির কুমির পাওয়া গেছে, তাই শিশু ও গবাদিপশু নিয়ে নদীতে নামার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনসচেতনতা বাড়াতে খুব শিগগিরই এলাকায় প্রচারণা চালানো হবে।

পদ্মা নদী কুমিরের স্বাভাবিক আবাসস্থল না হলেও অতীতে বিচ্ছিন্নভাবে এখানে কুমির দেখা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তন, নদীর গতিপথ পরিবর্তন এবং খাদ্যের সন্ধানেই বন্যপ্রাণীগুলো মাঝেমধ্যে লোকালয়ে চলে আসছে।

প্রতিনিধি/একেবি