জেলা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পিএম
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ইয়াবা জব্দ করেছে নৌবাহিনী।
রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ২টি জি-৩ (G3) রাইফেল, ১টি এমএ-১ (MA-1) রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ জব্দ করা হয়। একই সঙ্গে পাচারের উদ্দেশে মজুদ করে রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করেন নৌ সদস্যরা।
জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।
প্রতিনিধি/এসএস