images

সারাদেশ

মাদারীপুরে হত্যা মামলার জেরে আসামিপক্ষের ঘরে ভাঙচুর-লুটপাট

জেলা প্রতিনিধি

২৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম

মাদারীপুরে আব্বাস চৌধুরী (৪৫) হত্যাকাণ্ডের জেরে আসামিপক্ষের ৪টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পুরুষশূন্য থাকায় গত রোববার রাতে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের আবুল জমাদ্দারের সঙ্গে একই এলাকার শহীদ মাতুব্বর ও আব্বাস চৌধুরীর বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৪ জানুয়ারি দুপুরে আব্বাস চৌধুরীকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হলে ১৮ জানুয়ারি দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বোন শাহিনুর বেগম বাদী হয়ে ৩০ জনের নামে মামলা করেন।

মামলা হওয়ার পর থেকেই এলাকাছাড়া আসামিপক্ষ। অভিযোগ উঠেছে, এই সুযোগে ওই এলাকার মৃত করম শেখের ছেলেদের ৪টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করেছে বাদীপক্ষের লোকজন। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মৃত করম শেখের স্ত্রী ফুলমালা বেগম বলেন, ‘হত্যাকাণ্ডে আমরা জড়িত না থাকলেও আমাদের আসামি করা হয়েছে। মামলার কারণে আমার ছেলেরা কেউই বাড়িতে নেই। প্রতিশোধ নিতে তালাবদ্ধ ঘরে ঢুকে আব্বাসের লোকজন ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।’

তবে মামলার বাদী শাহিনুর বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের লোকজন কারো ঘরবাড়িতে হামলা বা লুটপাট করেনি। হত্যাকাণ্ড থেকে বাঁচতে তারা আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ‘আব্বাস চৌধুরী হত্যাকাণ্ডে বেশ কয়েকজন আসামি গ্রেফতার হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রতিনিধি/একেবি