জেলা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম
গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দুই ঘণ্টা পর পুকুর থেকে সাজিম মিয়া নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার খিরাটি এলাকার জামিয়া রাশিদিয়া আশরাফিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহত সাজিম নরসিংদী সদরের ঘোড়াদিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর পুকুর পাড়ে আম পাড়তে গিয়ে পা পিছলে পড়ে যায় সাজিম। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরে পুকুর পাড়ে জুতা ও টুপি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুকুর থেকেই উদ্ধার করা হয় তার নিথর দেহ। তবে নিহতের কপালে আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর বিষয়টি নিয়ে তৈরি হয়েছে রহস্য।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলম জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতে ময়নাতদন্ত করতে চাইলেও পরিবারের আপত্তিতে তা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস