জেলা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম
কক্সবাজারের চকরিয়ায় ৩৪ হাজার পিস ইয়াবা নিয়ে বাস চালকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, পটুয়াখালীর কলাপাড়া এলাকার মো. আবুল কালাম আজাদ (৫৮) এবং উখিয়ার শিকদার বিল এলাকার মো. রবিউল হোসেন ওরফে রবি (২৬)।
গত ২৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে চকরিয়া থানার খুটাখালী বাজার বাস স্টেশন এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি অভিযানিক দল। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী “আইকনিক এক্সপ্রেস” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের এফ-১ সিটের নিচে কৌশলে লুকানো অবস্থায় ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ.ম. ফারুক।
র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজন সিন্ডিকেটের প্রধান এবং অপরজন বাস চালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে যাত্রীবাহী বাসের আড়ালে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদকের চালান পাচার করে আসছিল। তারা একটি শক্তিশালী মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলেও জানিয়েছে র্যাব।
আ.ম. ফারুক জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস