জেলা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পিএম
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ পলাশ চন্দ্র মাঝি (৩৪) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার খানাকুল থানার কেদারপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি বহির্গমন যাত্রী হিসেবে ভারত যাওয়ার সময় বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে ধরা পড়েন।
বিজিবি সূত্র জানায়, তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার, ৫ ভারতীয় রুপি, ১৩০ নেপালি রুপি এবং ৩ হাজার ৫৭০ বাংলাদেশি টাকা জব্দ করা হয়েছে।
গোয়েন্দা সূত্র আরও জানায়, পলাশ চন্দ্র মাঝি গত ২৭ মার্চ টুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন। সোমবার তিনি ভারতে ফেরার উদ্দেশ্যে স্থলবন্দরে প্রবেশ করেন। প্রাথমিকভাবে কাস্টমস তল্লাশি এড়িয়ে গেলেও পরে জিরোপয়েন্টে আইসিপি চেকপোস্টে বিজিবির তল্লাশির সময় তার সঙ্গে থাকা একটি ডায়েরির ভেতর থেকে ডলারগুলো উদ্ধার করা হয়।

গোয়েন্দা সংস্থার দাবি, তিনি হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে অর্থ ভারতে পাচারের উদ্দেশে এসেছিলেন।
আটকের পর তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমান জানান, বিষয়টি তিনি ফোনে জেনেছেন। আটক ব্যক্তি থানায় পৌঁছালে এবং কাস্টমস কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত সহকারী কাস্টমস কমিশনার সাইদুর রহমান মুন্নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
প্রতিনিধি/এসএস