জেলা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ পিএম
গাজীপুর সিটি করপোরেশনের উত্তর খাইলকুর এলাকায় প্রভাব খাটিয়ে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। উপায়ান্তর না পেয়ে ঘরের চালের ওপর দিয়ে মই বেয়ে চলাচল করছেন বয়োবৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ। এতে ভোগান্তিতে পড়েছে কয়েকটি পরিবার।
ভুক্তভোগীদের অভিযোগ, ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রভাব খাটিয়ে দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী তমা আক্তার গাছা থানা ও সিটি করপোরেশনে অভিযোগ দিয়েছেন। রাস্তা খুলে দেওয়ার দাবিতে সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বলেন, কয়েক বছর আগে ৪ শতাংশ জমি সাফ কবলা দলিলে কিনে নেন তমা আক্তারের স্বামী সাইফুল ইসলাম। বাড়িটি কেনার সময় উত্তর দিক দিয়ে ৪৬ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থ রাস্তাসহ কেনা হয়। এই রাস্তা দিয়ে যুগ যুগ ধরে মানুষ চলাচল করে আসছে। তবে এই রাস্তা দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন প্রতিবেশী নিলু চান খান। রাস্তা বন্ধ করে দেওয়ায় ১০টি পরিবার চলাচল করতে পারছে না। তারা চালের ওপর দিয়ে মই বেয়ে দুইদিন ধরে চলাচল করছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশনে অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার।

ভুক্তভোগী তমা আক্তার বলেন, আমার স্বামী সৌদি প্রবাসী, আমি সন্তানসহ ভাড়াটিয়াদের নিয়ে বসবাস করি। আমার প্রতিবেশী প্রথম থেকেই আমাদের সঙ্গে শত্রুতা করে রাস্তা নিয়ে ঝামেলা করে। নতুন করে দু'দিন আগে ইটের গাঁথুনি দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে আমি ন্যায় সংগতভাবে বাধা দিতে গেলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। এখন এটির কোনো সমাধান হচ্ছে না, আমরা ঘর থেকে বের হতে পারছি না, মই বেয়ে বের হলে আবার ঢুকতে পারছি না।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নিলু চাঁন খান বলেন, সাইফুল ইসলাম যখন জমি কেনেন ওই জমিতে রাস্তা উল্লেখ ছিল। তবে অন্য জায়গা দিয়ে সে বেশি দখল করে ফেলেছে। এখন এই জায়গাটি আমার, আমি এজন্য বন্ধ করে দিয়েছি।
গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। রাস্তাটি যেন খুলে দেয় সেটি আমরা বলে দিয়ে এসেছি।
প্রতিনিধি/এসএস